প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন আর্তেতা

সপ্তাহখানেকের জল্পনার অবসান ঘটিয়ে আর্সেনালকে হতাশ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও ৬ বছরের চুক্তি নবায়ন করেছেন তিনি। তাকে না পেয়ে আর্সেনাল স্কোয়াডকে ‘আরও ভালো’ বানাতে মিকেল আর্তেতা এখনও কিছু খেলোয়াড় আনার চেষ্টা করছেন মিকেল আর্তেতা।
প্রাক মৌসুমে টানা দুই ম্যাচ হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কপালে নিশ্চিতভাবে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। গতকাল রোববার এমিরেটস কাপে হারের পর সংবাদ সম্মেলনে আর্তেতা আসেন। আরও নতুন খেলোয়াড়কে দেখার আশা কি ভক্তরা করতে পারেন, এমন প্রশ্নে তার উত্তর, ‘আসলে, আমরা সেটাই করার চেষ্টা করছি। আমাদের দলকে আরও ভালো বানাতে দলবদলের বাজারে সঠিক খেলোয়াড় দরকার। আমরা সেটার খোঁজেই আছি।’
সবশেষ সাড়ে ৭ কোটি পাউন্ডে নিউক্যাসল থেকে আনা হয়েছে ব্রুনো গিমারায়েসকে। ৩-২ ব্যবধানে হারের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু আর্সেনালের লেফট উইংয়ে এখনও ঘাটতি আছে। এই জায়গাতে ভিনিসিয়ুস জুনিয়র প্রভাব রাখতে পারতেন বলে মনে করা হচ্ছিল।
আর্সেনালের একজন ডিফেন্ডারকেও প্রয়োজন। পিঠের ইনজুরিতে দীর্ঘদিনের জন্য উইলিয়াম সালিবা ছিটকে গেছেন। রক্ষণের দুর্বলতার স্পষ্ট ছাপ পাওয়া গেছে শেষ তিন প্রীতি ম্যাচেই গোল হজম করে।
আর্তেতা বললেন, ‘আমরা আজ কিছু বাজে গোল খেলাম, বিশেষ করে আমরা যেভাবে লড়েছি। কিন্তু সবাইকে মিলে দায়িত্ব নিতে হবে। আমাদের যে খেলোয়াড় আছে তাদের নিয়েই উন্নতি করতে হবে। আমরা উন্নতি করতে চাই এবং আমরা নিশ্চিতভাবে সেটা চাই।’
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।